শাজাহানপুরে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় টুলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে নিজ ঘরের ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত টুলু মিয়া ওই গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন এবং দুই মেয়েই বিবাহিত। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের পীড়ায় অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে থেকে তাঁর দেখভাল করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ ঘরের ভেতরে টুলু মিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান তাঁর মেয়ে।
ছোট মেয়ে জুথি আক্তারের দাবি, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় তীব্র অসুস্থতায় ভোগার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। অন্যদিকে স্থানীয়দের ধারণা, অসুস্থতাজনিত মানসিক চাপ থেকে তিনি নিজেই রাতে এ ঘটনা ঘটিয়েছেন, কিংবা এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন