• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

‘ *শর্টকাটে’ নয়, কিশোর গ্যাংয়ের শিকড় উপড়ে ফেলতে চায় এসআরবি।*

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
‘ *শর্টকাটে’ নয়, কিশোর গ্যাংয়ের শিকড় উপড়ে ফেলতে চায় এসআরবি।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

‘ *শর্টকাটে’ নয়, কিশোর গ্যাংয়ের শিকড় উপড়ে ফেলতে চায় এসআরবি।* 


 *উপশিরোনাম:* গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধী চক্রের গঠন ও বিস্তারের কারণ অনুসন্ধানে গবেষণা। 

কিশোর গ্যাংয়ের সদস্যদের একের পর এক গ্রেপ্তার করেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অপরাধী চক্রগুলোর নেতৃত্ব, অর্থের উৎস ও নেপথ্যের মূলহোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে দ্রুত ফল পাওয়ার আশায় ‘শর্টকাট’ পদ্ধতি গ্রহণ করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলে জানিয়েছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পাটালী গ্রুপের ফরহাদ হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি এবং আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম শীর্ষ সদস্য সবুজ হোসেন আরমানকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-২।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও চারটি সামুরাই উদ্ধার করা হয়। আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় শ্রমিকদের অস্থায়ী টিনশেডে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকার একটি সেলুনে ঢুকে আরমানসহ কয়েকজন হামলাকারী গুলি ছোড়ে। একই সময় চাপাতি দিয়ে পাটালী গ্রুপের সদস্য ফরহাদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফরহাদের মা নাছিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ভোররাতে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী ১ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, আত্মগোপনে থাকলেও তিনি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, আরমান-শাহরুখ গ্রুপের আরেক শীর্ষ সদস্য শাহরুখকে গত ১৬ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। আরমানকে জিজ্ঞাসাবাদ করে ফরহাদ হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য নেওয়া হবে। সাব্বির ও সোহেলসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আরমানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দাঙ্গা, চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

বারবার গ্রেপ্তারের পরও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নায়মুল হাসান বলেন, এবার যেন তিনি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারেন, সে বিষয়ে তারা প্রত্যাশা করছেন।

কিশোর গ্যাং দমনে শুধু ছোট পর্যায়ের সদস্যদের গ্রেপ্তার না করে চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের লক্ষ্য করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কোনো গ্রুপের প্রধান বা গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা হলে ওই গ্রুপ দুর্বল হয়ে পড়ে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলের অংশ।

তবে স্থায়ীভাবে কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দ্রুত সমাধানের জন্য শুধু তাৎক্ষণিক গ্রেপ্তারের ওপর নির্ভর করলে সমস্যার মূল কারণ দূর হবে না।

এসআরবি-২-এর অধিনায়ক জানান, কিশোর গ্যাং ও অপরাধী গ্রুপগুলোর কর্মকাণ্ডের পেছনের কারণ চিহ্নিত করতে তাদের গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেল কাজ করছে। এসব গ্রুপ কীভাবে গড়ে উঠছে, তাদের কার্যক্রমের পেছনে কী ধরনের কারণ রয়েছে এবং ভবিষ্যতে যাতে নতুন করে এমন গ্রুপ তৈরি হতে না পারে—এসব বিষয় বিশ্লেষণ করে পরবর্তী সময়ে আরও বিস্তৃত পরিকল্পনা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে শুধু সদস্য গ্রেপ্তার নয়, নেতৃত্বের কাঠামো, অপরাধের নেটওয়ার্ক এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হচ্ছে।

সর্বশেষ