হালুয়াঘাটে স্বামীকে মদ পান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো জায়গাজমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান ওই নারীকে একা পেয়ে থাকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান।
এ বিষয়ে হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ওসি বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদ পান করতেন। তাদের কারও স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দায় বসবাস করতেন। ঘটনার দিন দুজন একসঙ্গে মদ পান করার পর স্বামী অন্যদিকে চলে গেলে সেই সুযোগে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
মতামত দিন